ভূমিদস্যুদের দখল থেকে জমি উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজশাহীর ক্যান্টনমেন্ট-সংলগ্ন রাজপাড়া এলাকায় মানববন্ধন করেছেন জমির মালিকদের ওয়ারিশ ও স্থানীয়রা।
মঙ্গলবার (১৮ আগস্ট) জমির প্রকৃত মালিকদের ওয়ারিশ ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় তারা অভিযোগ করেন, ভূমিদস্যু সুজাউদ্দৌলা গংদের দখলে থাকা জমি উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দিতে হবে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও ভোগদখলের কারণে প্রকৃত মালিকরা হয়রানির শিকার হচ্ছেন। দলিলপত্র যাচাই করে প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়ার পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে জমির মালিকানা সংক্রান্ত বিষয়টি তদন্ত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।