সারাদেশে গত ১১৮ দিনে পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এসব তথ্য জানান।
পুলিশ সদর দফতর জানায়, গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান ছাড়াও অন্যান্য মামলা ও অভিযানে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জনে।
বিশেষ অভিযানে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১৫৩টি পিস্তল, ৪৮টি শ্যুটারগান, ৪৫টি এলজি, ২৬টি রিভলবার, ১০৮টি বন্দুক, ২৬টি পাইপগান, ৭টি শটগান, ৭টি রাইফেল, ৩টি এসএমজি, ১২টি এয়ারগান ও একটি পেনগান।
এ ছাড়া ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গানপাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ এবং অস্ত্র ও বোমা তৈরির ২১টি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ এবং ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা।
পুলিশ জানায়, এসব মাদক উদ্ধারের ঘটনায় ২৩ হাজার ২২১টি মামলা হয়েছে এবং ৩৪ হাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।