সারাদেশ

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
ছবি: ফাইল

বগুড়া সদর উপজেলায় সাইফুল ইসলাম (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নুনগোলা ইউনিয়নের বাঘোপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম আশোকোলা পূর্বপাড়া এলাকার মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং দুইবার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রোববার রাতে সাইফুল ইসলাম বাঘোপাড়া বন্দর মোড়ে চা পান করতে যান। পরে বাড়ি ফেরার পথে বাঘোপাড়া ব্রিজের কাছে পৌঁছালে কয়েকজন তার পথরোধ করেন। এ সময় রমজান ও নিঝুম নামে দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী রাকিব মিয়া জানান, বন্দর মোড় থেকে বাড়ি ফেরার পথে রমজান ও নিঝুম তাদের গতিরোধ করেন। পরে তারা সাইফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে কিছু আলামতও সংগ্রহ করা হয়েছে।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।