নওগাঁর ধামইরহাটে ড্রেন পরিষ্কার করার সময় এক নবজাতকের অর্ধগলিত দেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধামইরহাট পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকসংলগ্ন ড্রেন পরিষ্কার করার সময় নবজাতকের দেহাবশেষ দেখতে পান। পরে সেটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নবজাতকের শারীরিক গঠন পূর্ণাঙ্গ ছিল বলে জানা গেছে।
ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মাহফুজুর রহমান বলেন, হাসপাতালসংলগ্ন ড্রেন থেকে নবজাতকের দেহাবশেষ উদ্ধারের ঘটনা বেশ উদ্বেগজনক। তবে এর সঙ্গে হাসপাতালের কোনো সম্পৃক্ততা নেই। কারণ, ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিএনসি সেবা চালু নেই।
তিনি বলেন, কেউ হাসপাতাল চত্বরের সন্নিকটে নবজাতকের দেহাবশেষ ফেলে দিয়ে হাসপাতালকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করেছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে ধামইরহাট থানা পুলিশ জানায়, নবজাতকের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।
পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের পর নবজাতকের মৃত্যুর কারণ এবং কীভাবে দেহাবশেষটি সেখানে এল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
সারাদেশ
নওগাঁ
ধামইরহাটে ড্রেন পরিষ্কারে মিলল নবজাতকের অর্ধগলিত দেহ