নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মোকামতলা–জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে প্রতিমন্ত্রীর গাড়ির সামনে দিয়ে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় শ্রবণ প্রতিবন্ধী ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি রাস্তার পাশের ধানক্ষেতে পড়ে যায়। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী সামান্য আহত হন।
আহত ফিরোজা বেগমকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।