রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাতে বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (জুয়েল), ৬৫, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা, ৫০, মেয়ে প্রার্থী চক্রবর্তী, ২৫ এবং প্রীয়ম চক্রবর্তী, ১২।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি দীর্ঘ সময় তালাবদ্ধ থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে চারজনের মরদেহ দেখতে পায়। পরে সেগুলো উদ্ধার করা হয়।
তবে চারজনের মৃত্যুর কারণ কিংবা কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলোর ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।