কুষ্টিয়ার সদর উপজেলায় আবাদি জমিতে সার প্রয়োগ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তোফাজ্জেল হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের তেঘরিয়া মাঠে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জেল হোসেন আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মান্নান প্রধানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তোফাজ্জেল হোসেন বর্গা নেওয়া ধানি জমিতে সার প্রয়োগ শেষে বাড়ি ফিরছিলেন। পথে তেঘরিয়া মাঠে পৌঁছালে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় বজ্রপাতে আরও দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
আলামপুর ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম জানান, বজ্রপাতে তোফাজ্জেল হোসেনের মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।