সারাদেশ

ধামইরহাটে মাছের জালে উঠে এলো দুই শিশুর মরদেহ

নওগাঁর ধামইরহাটে পানিতে ডুবে তাহমিদ (৭) ও জিসান (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে

ধামইরহাট নওগাঁ প্রতিধিনি:
ছবি: সংগৃহীত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে পানিতে ডুবে তাহমিদ (৭) ও জিসান (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিসান ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুল ইসলামের দ্বিতীয় সন্তান এবং তাহমিদ প্রতিবেশী দেলোয়ার হোসেনের ছেলে। তারা দুজনই রসপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি জলাধারে কয়েকজন এলাকাবাসী মাছ শিকার করছিলেন। এ সময় শিশু দুটিকে জলাধারের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।

এর প্রায় এক ঘণ্টা পর জলাধারে ফেলা মাছ ধরার জাল টেনে তোলার সময় জালের সঙ্গে দুই শিশুর নিথর দেহ উঠে আসে। পরে স্থানীয়রা দ্রুত তাদের ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

একসঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রসপুর গ্রামসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোক বিরাজ করছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।