চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সদর উপজেলার আলুকদিয়ায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে নাসির উদ্দীন (৪০) মারা যান।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন নাসির। পরে স্বজনরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সোমবার গভীর রাতে দামুড়হুদার লোকনাথপুরে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের পাশে শফিকুল ইসলাম বরু (৪৫) নামে আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, মোটরের সংযোগ বিচ্ছিন্ন বা মোটর খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। তবে তিনি সেখানে কেন গিয়েছিলেন, তা তদন্ত করছে পুলিশ।
দুই ঘটনায় পৃথকভাবে আইনগত প্রক্রিয়া চলছে।