গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও ওষুধবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (৪০) নামে এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের এক যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মাঝিপাড়া এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশগাড়া এলাকার ফয়জার রহমানের ছেলে। আহত মো. সানিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাঝিপাড়া এলাকায় ঢাকাগামী আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ওষুধবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে সংঘর্ষে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসের ভেতর থেকে চালক মাসুদ রানার মরদেহ উদ্ধার করেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।