সারাদেশ

বিদ্যুৎ

জামালপুরে বিদ্যুৎস্পর্শে মা-ছেলেসহ নিহত ৩

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পর্শে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ও রাতে এসব দুর্ঘটনা ঘটে।

দেওয়ানগঞ্জে নিহতরা হলেন উপজেলার পুরাতন রেললাইন এলাকার আব্দুর রশিদের স্ত্রী লাকী আক্তার (৪০) ও তার ছেলে রাজু (১৪)। এ ঘটনায় তাদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন রাজুর দাদি বুলি বেগম।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দিলে রাজু নিজেই তা মেরামতের চেষ্টা করে। এ সময় বিদ্যুৎস্পর্শ হলে ছেলেকে বাঁচাতে গিয়ে মা লাকী আক্তারও বিদ্যুতায়িত হন। পরে তাদের উদ্ধার করতে গিয়ে বুলি বেগম বিদ্যুৎস্পর্শ হন।

স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

অন্যদিকে, মঙ্গলবার বিকালে মেলান্দহ উপজেলার কোনামালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসায় বিদ্যুৎস্পর্শে জুনায়েদ ইসলাম তায়েফ (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মেলান্দহ থানার এসআই মো. রেজাউল করিম জানান, বিকালে মাদ্রাসার টিনের চালে উঠলে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই জুনায়েদের মৃত্যু হয়। তিনি উপজেলার হাজরাবাড়ী এলাকার সোলাইমান হোসেনের ছেলে।