হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর ভারতীয় চোরাকারবারিদের ছররা গুলিতে সোহাগ মিয়া (১৭) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) দুপুরে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, দুপুর ১টার দিকে চুনারুঘাটের চিমটিবিল সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি শূন্যরেখা অতিক্রম করে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। গরু আনার উদ্দেশ্যে তারা সেখানে যান বলে জানায় বিজিবি।
পরে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে তাদের বিরোধ ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ভারতীয় চোরাকারবারিরা ছররা গুলি ছুড়লে সোহাগ মিয়া গুরুতর আহত হন। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এসে চুনারুঘাট সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সোহাগ মিয়া চুনারুঘাট উপজেলার শফিক মিয়ার ছেলে। বিজিবির দাবি, নিহতের পরিবারের কয়েকজন সদস্য চোরাচালানের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে।
ঘটনার পর চিমটিবিল বিওপির টহলদল ঘটনাস্থলে যায়। বিষয়টি বিএসএফকে জানানো হলে তারা তাদের এলাকায় গোলাগুলির ঘটনা তদন্ত করছে বলে বিজিবিকে জানিয়েছে।
এ ঘটনায় বিওপি পর্যায়ে জরুরি পতাকা বৈঠকের আহ্বান করেছে বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
বিজিবি বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।