ভারতের ভিসা পেতে দালালচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।
বার্তায় বলা হয়, দালালরা ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ ও ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’-এর মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আবেদনকারীদের প্রলুব্ধ করে থাকে। এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে অর্থ, ভিসা আবেদন ও গুরুত্বপূর্ণ সময় ক্ষতির মুখে পড়তে পারে।
হাইকমিশন আরও জানিয়েছে, কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না।
ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি আবেদন করার পরামর্শও দেওয়া হয়েছে।