সারাদেশ

বগুড়া

বিকল ট্রাক মেরামতের সময় ধাক্কা, নিহত ২

বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গুরুতর আহত ওই ব্যক্তিকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার মহিপুর এলাকায় কেনাম হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শেরপুর সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে মামুন হোসেন (৩৫) এবং নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা হামজা (৩০)। আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, মহাসড়কের পাশে একটি বিকল ট্রাক দাঁড় করিয়ে কয়েকজন সেটি মেরামত করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের আইল্যান্ডে গিয়ে আঘাত করে। পরে ট্রাকের নিচে মেরামতের কাজে থাকা তিনজন আটকা পড়েন।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রথমে একজনকে জীবিত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

পরে হাইওয়ে পুলিশ ও রেকার ভ্যানের সহায়তায় ট্রাকটি সরিয়ে নিচে আটকা পড়া আরও দুজনকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, অন্য একটি গাড়ির ধাক্কায় বিকল ট্রাকটি উল্টে গেলে তিনজন এর নিচে আটকা পড়েন। একজনকে জীবিত উদ্ধার করা হলেও অপর দুজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার জন্য দায়ী অজ্ঞাত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।