ঢাকা প্রতিনিধি:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নিতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। একটি বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) কাজ দখলে নিতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঠিকাদার। চাঁদা না দেওয়ায় পরিচ্ছন্নতাকর্মীদের হুমকি ও মারধর করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে ডিএনসিসির পাঁচটি ওয়ার্ডে চারদিন ধরে বর্জ্য অপসারণ কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। ফলে বাসাবাড়ি ও সড়কে জমছে ময়লার স্তূপ।
গত ২৬ আগস্ট রাত ৩টার দিকে ডিএনসিসির ২১ নম্বর ওয়ার্ডের একটি এসটিএসে কয়েকজন অস্ত্রধারী হামলা চালায়। এ সময় ময়লার ট্রাকের চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে।
অভিযোগ অনুযায়ী, ২৩ থেকে ২৯ আগস্টের মধ্যে ২১, ৩৭, ৩৮, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও হুমকির ঘটনা ঘটেছে। কয়েকজনকে কাজ বন্ধ রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
গুলশান লেকপাড় এসটিএসের সাব-কন্ট্রাক্টর রাকিব ঢালি বলেন, কয়েক দিন ধরে সন্ত্রাসী দলগুলো অতর্কিত হামলা চালাচ্ছে। পরিচ্ছন্নতাকর্মীদের ফোন করে কাজ বন্ধ রাখতে বলা হচ্ছে। তারা কাজটি দখলে নিতে চায় এবং প্রায় ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছে।
এক পরিচ্ছন্নতাকর্মী অভিযোগ করেন, হামলাকারীরা তাকে দেয়ালের সঙ্গে ধাক্কা দেওয়ার পাশাপাশি পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করেছে। আরেক কর্মী জানান, তাদের ‘বড় ভাইয়ের নির্দেশে’ পরদিন থেকে কাজে না নামতে বলা হয়েছে।
হামলার কারণে পাঁচটি ওয়ার্ডের বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন। নিয়মিত ময়লা অপসারণ না হওয়ায় বিভিন্ন এলাকায় বর্জ্যের স্তূপ জমেছে। বাসিন্দারা জানান, এক-দুই দিন পরপর ময়লা নেওয়া হচ্ছে, আবার কোনো কোনো দিন ময়লা নেওয়াই হচ্ছে না।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ময়লা-আবর্জনা পরিষ্কার বা এসটিএসে নেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম ও অন্যায় বরদাশত করা হবে না। জড়িত ব্যক্তিরা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হামলার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বাড্ডা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।