সারাদেশ

কার্ড

খুলনায় প্রথম দফায় কৃষি কার্ড পাচ্ছেন ২৩ হাজার কৃষক

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহিত

কৃষি খাতকে প্রযুক্তি ও আর্থিক নিরাপত্তার আওতায় আনতে খুলনায় প্রথম দফায় ২৩ হাজার ১০৫ জন কৃষককে বিশেষ কৃষি কার্ড দেওয়া হচ্ছে। জেলার নয়টি উপজেলার নির্বাচিত নয়টি ইউনিয়নে এর প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।

সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে পুরো জেলার ৩ লাখ ৩৮ হাজার ৬০৩ জন কৃষককে এ প্রকল্পের আওতায় আনার লক্ষ্য রয়েছে।

ইতোমধ্যে নির্বাচিত ইউনিয়নগুলোকে বিভিন্ন ব্লকে ভাগ করে মাঠপর্যায়ে কৃষকদের তথ্য যাচাই করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত সাত সদস্যের কমিটির মাধ্যমে যোগ্য কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। আগস্টের মাঝামাঝি পর্যন্ত ১৮ হাজার ৪৭৯ জন কৃষকের তথ্য যাচাই শেষে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে কৃষকদের এ কার্ড দেওয়া হবে। সমন্বিত ডেবিট কার্ড হিসেবে ব্যবহৃত এ কার্ডের মাধ্যমে প্রত্যেক কৃষক বছরে ২ হাজার ৫০০ টাকা সরকারি অনুদান পাবেন।

এ ছাড়া কার্ডধারী কৃষকরা সুলভ মূল্যে সেচ সুবিধা, সরকারি কৃষি যন্ত্রপাতি, আধুনিক প্রশিক্ষণ এবং রোগবালাই দমনে কারিগরি সহায়তা পাবেন। পাশাপাশি কৃষি উপকরণ, সার ও বীজে ভর্তুকির সুবিধাও দেওয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপপরিচালক মো. তৌহিদীন ভূঁইয়া জানান, নগদ সহায়তার পাশাপাশি কৃষকদের কৃষি উপকরণ ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: বাসস