সারাদেশ

চাপাইনবয়াবগঞ্জ

নাচোলে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বরখাস্ত হওয়া দুই চেয়ারম্যান হলেন কসবা ইউপির চেয়ারম্যান আল মেরাব জাকারিয়া এবং নাচোল ইউপির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

২৪ আগস্ট স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১০ আগস্ট ‘ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬’-এর আওতায় নাচোল উপজেলায় স্বেচ্ছাসেবী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ করা হয়। ওই ফলাফল প্রত্যাখ্যান করে দুই চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেন।

মন্ত্রণালয় বলছে, জনপ্রতিনিধি হিসেবে এ ধরনের আচরণ প্রত্যাশিত শালীনতা, দায়িত্বশীলতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে তাদের ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ আইনবহির্ভূত ও জনস্বার্থের পরিপন্থী বলে বিবেচিত হয়েছে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(ঘ) ধারায় অপরাধ সংঘটনের অভিযোগে একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।