নওগাঁর ধামইরহাটে একটি আম বাগান থেকে অগ্নিদগ্ধ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালপুকুর নামক এলাকার একটি আমবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহটি উদ্ধারের সময় পাশে পরিত্যাক্ত অবস্থায় একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্রে তার নাম ছিল মোসা. মেরিনা। তিনি ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের দিঘিপাড়া গ্রামের হাসানের স্ত্রী। পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের সরকার পাড়া গ্রামের দোজ মুহাম্মদের মেয়ে বলে জানা গেছে।
আগ্রাদ্বীগুন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিউল আলম বাবু বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকালে ওই আমবাগানে তার লাশ দেখতে পান স্থানীয় কয়েকজন বাসিন্দা। পরে থানা পুলিশকে খবর দিলে পরবর্তীতে পুলিশ সেখানে পৌঁছে আগুনে পোড়া লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায় এমন মর্মান্তিক ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও ঘটনার সাথে জড়িতদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।