রাজশাহী-নাটোর রুটে বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে প্রায় ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে বাস চলাচল শুরু হলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে আটকে দেন স্থানীয় বাস মালিক-শ্রমিকরা। পরে বাসটির যাত্রীদের নামিয়ে অন্য একটি বাসে তুলে দর্শনার উদ্দেশে পাঠানো হয়। পরবর্তীতে বাসটি ছেড়ে দেওয়া হলেও রাজশিয়া থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।
এরপর শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাজশাহী-নাটোর হয়ে বিভিন্ন রুটে বাস চলাচল ব্যাহত হয়। প্রথমদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট রুটে বাস চলাচল স্বাভাবিক ছিল। এ ছাড়া কয়েকটি বাস নাটোর হয়ে ঢাকা ও রংপুরে চলাচল করলেও পরে পুরোপুরি বন্ধ হয়ে যায় বাস চলাচল।
বাস বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। শুক্রবার দীর্ঘ সময় কাউন্টারে অপেক্ষা করেও অনেককে বাসায় ফিরে যেতে হয়। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প পরিবহনে গন্তব্যে রওনা হন। জরুরি কাজে বিভিন্ন গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী যাত্রীরা।
শনিবার দুপুরের দিকে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার মাধ্যমে বিরোধের অবসান হলে বাস চলাচল ফের শুরু হয়।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, আলোচনার মাধ্যমে বিরোধের অবসান হওয়ায় বাস চলাচল স্বাভাবিক হয়েছে।