কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটির মিলনায়তনে দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি বলেন, মামলার বিষয়, আইন ও ধারা, তথ্য-উপাত্ত এবং বিচারকের বিবেক—কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিচার করা সম্ভব নয়। তাই বিচারিক সিদ্ধান্ত গ্রহণে এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা যাবে, সে বিষয়ে কার্যকর আইন ও নীতিমালা প্রণয়ন প্রয়োজন। মানুষের জীবন সহজ করা এবং মৌলিক অধিকার সুরক্ষার লক্ষ্যেই এআই ব্যবহার করতে হবে।
প্রধান বিচারপতি আরও বলেন, এআই ব্যবহারের জন্য অবকাঠামো তৈরির পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাচাই-বাছাই ছাড়া এআইয়ের দেওয়া তথ্য ব্যবহার করা ঝুঁকিপূর্ণ।