অর্থনীতি

কম্পিউটার যন্ত্রাংশের দাম বাড়ায় বিপাকে রাজশাহীর ক্রেতারা

‌নিজস্ব প্রতি‌বেদক
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে কম্পিউটার ও আইসিটি পণ্যের দাম বাড়ার প্রভাব পড়েছে রাজশাহীর বাজারেও। প্রসেসর, র‍্যাম, মাদারবোর্ড, গ্রাফিকস কার্ড ও স্টোরেজ ডিভাইসসহ বিভিন্ন যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। অনেক ক্ষেত্রে বাজেট বাড়িয়েও পছন্দের মডেল বা কনফিগারেশনের পণ্য পাওয়া যাচ্ছে না।

রাজশাহীর সাহেব বাজার ও নিউ মার্কেট এলাকার কম্পিউটার দোকানগুলো ঘুরে দেখা গেছে, বিশেষ করে ডিডিআর৫ র‍্যাম, প্রসেসর, গ্রাফিকস কার্ড ও এসএসডির দাম বেড়েছে। ফলে নতুন কম্পিউটার তৈরি কিংবা পুরোনো কম্পিউটার আপগ্রেড করতে গিয়ে আগের পরিকল্পনা পরিবর্তন করতে হচ্ছে ক্রেতাদের।

বিক্রেতারা বলছেন, আন্তর্জাতিক বাজারে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে দেশের বাজারে যন্ত্রাংশের দাম বেড়েছে। বাংলাদেশ আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের প্রভাব দ্রুত স্থানীয় বাজারে পড়ছে।

রাজশাহীর লাইসিয়াম কম্পিউটার টেকনোলজির ইনচার্জ হাসিবুর রহমান সুজন বলেন, দাম বাড়ায় তাদের বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। আগে মাসে ১৫টি কম্পিউটার বিক্রি হলেও এখন পাঁচটির মতো বিক্রি হচ্ছে। ৫০ হাজার টাকার বাজেটে আগে যে কম্পিউটার তৈরি করা যেত, এখন সেখানে প্রায় ৮০ হাজার টাকা প্রয়োজন হচ্ছে।

নগরীর টেকনিশিয়ান মো. সাকিব হাসান মিলন বলেন, ‘এসএসডি, র‍্যাম, প্রসেসর ও মাদারবোর্ডসহ প্রায় সব যন্ত্রাংশের দাম বেড়েছে। ক্রেতারা বাজেট নিয়ে এসে পছন্দের পণ্য না পেয়ে অনেক সময় না কিনেই ফিরে যাচ্ছেন।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক স্বপ্নীল রহমান বলেন, টাকার অবমূল্যায়নের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে কম্পিউটার যন্ত্রাংশের দাম বেড়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় উচ্চক্ষমতার চিপের চাহিদাও বেড়েছে।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, এআইভিত্তিক সেমিকন্ডাক্টর পণ্যের অতিরিক্ত চাহিদা, ক্লাউড কম্পিউটিং ও ইলেকট্রিক ভেহিকেলভিত্তিক শিল্পের দ্রুত সম্প্রসারণ, ভূরাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক সরবরাহ চেইনে বিঘ্ন এবং জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে আইসিটি পণ্যের বাজারে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হয়েছে। কপারসহ বিভিন্ন ধাতব কাঁচামালের সংকটও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে।