সরকারি কর্মজীবীদের নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
তবে নতুন বেতন-ভাতা কার্যকর করার আগে সরকারি কর্মজীবী ও তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের আয়-ব্যয় ও সম্পদবিবরণী প্রতিবছর হালনাগাদ ও প্রকাশ বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, যারা নিয়মিত আয়-ব্যয় ও সম্পদবিবরণী প্রকাশ করবেন, শুধু তাদের জন্যই বেতন-ভাতা বৃদ্ধির সুবিধা প্রযোজ্য হওয়া উচিত। যারা তা করবেন না, তাদের জন্য নতুন পে স্কেল কার্যকর না করার আহ্বান জানান তিনি।
এদিকে, নতুন বেতন কাঠামোর কারণে নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে টিআইবি। এতে স্বল্প আয়ের মানুষসহ সাধারণ জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।