অর্থনীতি

নওগাঁতে ভুয়া চিকিৎসককে হাতেনাতে ধরা, ভ্রাম্যমাণ আদালতে সাজা

নওগাঁতে ভুয়া চিকিৎসককে হাতেনাতে ধরা, ভ্রাম্যমাণ আদালতে সাজা

রাজটাইমস ডেস্ক:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নওগাঁয় মিজানুর রহমান নামের এক ভুয়া চিকিৎসককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এর আগে তিনি চিকিৎসক পরিচয়ে নিয়মিত রোগী দেখছিলেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দয়ালের মোড় এলাকার হেল্থ কেয়ার ল্যাবে অভিযান চালিয়ে ওই ভুয়া চিকিৎসককে এ সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম রবীন শীষ।

এ বিষয়ে ইউএনও এস.এম রবীন শীষ বলেন, বিএমডিসির রেজিস্ট্রেশন না থাকা সত্ত্বেও নামের পাশে ডাক্তার ব্যবহার করে রোগীদের সঙ্গে বেশ কয়েক বছর ধরে প্রতারণা করে আসছিলেন মিজানুর। এর আগেও একই অপরাধে তার কারাদণ্ড হয়েছিল। বর্তমানে নিজেই একটি ডায়াগনস্টিক সেন্টার খুলে সেখানে ডাক্তার সেজে নিয়মিত রোগী দেখতেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেলে তাকে সাজা দেওয়া হয়।

অভিযানে নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আশিষ কুমার সরকার, ডা. রিফাত হাসান ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন