অর্থনীতি

বৈদেশিক ঋণ

১৪ বছরে ৮২ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহিত

২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বাংলাদেশ ৮১ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ৮১ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে।

তিনি জানান, এ সময়ে নেওয়া বৈদেশিক ঋণের বিপরীতে সরকার মূলধন বাবদ ১৭ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার এবং সুদ বাবদ ৬ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে।

অর্থ মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বৈদেশিক ঋণের মূলধন ও সুদ বাবদ সরকারকে মোট ২৩ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করতে হয়েছে।

অর্থাৎ, প্রায় দেড় দশকে বৈদেশিক ঋণ নেওয়ার পাশাপাশি এর একটি উল্লেখযোগ্য অংশ মূলধন ও সুদ পরিশোধে ব্যয় হয়েছে।

Topics