শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবির পর এবার বুয়েটেও প্রথম বগুড়ার সিয়াম

এতোগুলো প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সবগুলোতে অত্যন্ত ভালো রেজাল্ট করার পরও কোন বিষয়টিকে প্রাধান্য দিতে যাচ্ছেন তিনি। কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক সিয়াম?

রাজটাইমস ডেস্ক
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাতেও প্রথম স্থান অধিকার করেছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করা মেফতাউল আলম সিয়াম।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত ফলাফলে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি শীর্ষস্থান দখল করেন। মেফতাহুল আলম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সিয়াম ঢাবির ক ইউনিটে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন।

এর বাইরে চলতি বছরের কুয়েট, রুয়েট ও চুয়েট সমন্বিত ভর্তি পরীক্ষায় ৩য়, এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৫৯তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন সিয়াম।

এতোগুলো প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সবগুলোতে অত্যন্ত ভালো রেজাল্ট করার পরও কোন বিষয়টিকে প্রাধান্য দিতে যাচ্ছেন তিনি। কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক সিয়াম?

এ বিষয়ে মেফতাউল আলম সিয়াম বলেন, ‘বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়ে গবেষক হব।’

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের খোরশেদ আলম ও মুনজিলা আলম দম্পতির প্রথম সন্তান সিয়াম। তার বাবা বেসরকারী সংস্থার অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিন ছেলের মধ্যে সিয়াম সবার বড়। তার অপর দুই ভাই মোবাশ্বির আলম সানি ও মুনজির আলম সামি বগুড়া জিলা স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ছেন।

সিয়াম বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়াকালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ লাভ করেন। এরপর অষ্টম শ্রেণিতে জিপিএ-৫ ও জেনারেল গ্রেডে বৃত্তি পান। এসএসসিতে জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি পান তিনি। এরপর সিয়াম বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হন। সেখানেও তিনি মেধার স্বাক্ষর রেখে জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন। তার ফলাফলে পরিবার, আত্মীয়-স্বজন ও শিক্ষক-শিক্ষিকা সবাই আনন্দিত।