শিক্ষা ও ক্যাম্পাস

ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের ‘বার্ষিক লেখক সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত

ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের ‘বার্ষিক লেখক সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে ‘বার্ষিক লেখক সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (IIER) ভবনে আয়োজিত অনুষ্ঠানে সাহিত্যচর্চা, সৃজনশীল লেখালেখি ও নিয়মিত কলাম রচনায় অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনের বিভিন্ন পর্যায়ের লেখক ও সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর শাখার সাধারণ সম্পাদক মো. রবিউস সানি জোহার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি রোখসানা খাতুন ইতি, তারুণ্যের সভাপতি ইমন হোসেন, জিয়া হল ডিবেটিং সোসাইটির সভাপতি শোয়াইব বিন আছাদ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শাখা কমিটির সদস্য, সহযোগী সদস্য এবং সংগঠনের অন্যান্য সদস্য।

সভাপতি মো. রুহুল আমিন বলেন, সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আমাদের ফোরাম নিয়মিত কাজ করে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু, সম্ভাব্য সমাধান এবং সমাজের অনিয়ম, অসংগতি ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের তরুণ লেখকেরা নিয়মিত পত্রিকায় কলাম লিখে জনসচেতনতা সৃষ্টি করছেন। তাদের এই লেখনী-স্পৃহাকে আরও শাণিত ও উৎসাহিত করতেই ‘বার্ষিক লেখক সম্মাননা-২০২৬’-এর আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং বস্তুনিষ্ঠ, মানবিক ও সমাজ-সংস্কারমূলক লেখালেখিতে আরও অনুপ্রাণিত করবে।

কেন্দ্রীয় সহ-সভাপতি রোখসানা খাতুন ইতি বলেন, “মেধা, মনন ও সৃজনশীল চিন্তার বিকাশে সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই। একটি সচেতন, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে তরুণ লেখকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণদের সেই সম্ভাবনাকে বিকশিত করার জন্য যে নিরলস কাজ করে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সম্মাননা তরুণ লেখকদের আরও উৎসাহিত করবে এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে দায়িত্বশীল লেখালেখিতে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানের শেষ পর্বে সম্মাননাপ্রাপ্তদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। এ সময় ২০২৫-২৬ কার্যবর্ষের বর্ষসেরা লেখক হিসেবে মোজাহিদ হোসেন, বর্ষসেরা সংগঠক হিসেবে ফারদিন মোহাম্মদ, সেরা টিম লিডার হিসেবে আফিয়া আলম, উদ্যমী সংগঠক হিসেবে হাবিব আল মিসবাহ এবং উদ্যমী কর্মী হিসেবে আবু হামজার নাম ঘোষণা করা হয়।

এছাড়া কার্যবর্ষের মাসিক সেরা চিঠি লেখক, মাসিক সেরা লেখক, বিদায়ী সদস্যদের সংবর্ধনা এবং ২০২৪-২৫ ও ২০২৫-২৬ কার্যবর্ষের কার্যনির্বাহী পর্ষদের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।