রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা চলাকালে ছাত্রশিবিরের ভর্তি সহায়তা বুথ থেকে হারিয়ে যাওয়া একটি আইফোনের সমমূল্যের ক্ষতিপূরণ দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে ক্ষতিপূরণের অর্থ বুঝিয়ে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে ছাত্রশিবিরের ভর্তি সহায়তা বুথ থেকে ওই শিক্ষার্থীর আইফোনটি হারিয়ে যায়। পরে ফোনটি উদ্ধারের জন্য মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবে দীর্ঘদিনেও পুলিশ ফোনটি উদ্ধার করতে না পারায় ভুক্তভোগী শিক্ষার্থীকে ফোনটির সমমূল্যের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
এ বিষয়ে রাবি ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালে ছাত্রশিবিরের ভর্তি সহায়তা বুথ থেকে একটি আইফোন হারিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানানো হয়। পরবর্তীতে মতিহার থানায় জিডি করা হয়। দীর্ঘদিন পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও ফোনটির কোনো সন্ধান পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীর অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা হারানো ফোনটির ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রক্টর দপ্তরে ওই শিক্ষার্থীকে ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া হয়েছে।’
মেহেদী সজীব জানান, পুলিশ পরবর্তীতে ফোনটি উদ্ধার করতে পারলে ক্ষতিপূরণের অর্থ ফেরত দেওয়ার শর্তে ভুক্তভোগী শিক্ষার্থী ফোনটি ফেরত পাওয়ার অধিকার সংরক্ষণ করবেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার কাছে দুঃখ প্রকাশ করেছে রাবি ছাত্রশিবির।