শিক্ষা ও ক্যাম্পাস

ইবি

শিক্ষক-কর্মকর্তাদের কর্মঘণ্টা মানার আহ্বান ইবি উপাচার্যের

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
ছবি: সংগৃহিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা ও দাপ্তরিক সময়সূচি যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে বিভাগীয় সভাপতি ও বিভিন্ন বিভাগের অফিস প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের সভাপতি ও অফিস প্রধানরা।

উপাচার্য বলেন, নির্ধারিত সময়ের পরিবর্তে ইচ্ছেমতো অফিসে আসা-যাওয়া কিংবা শ্রেণিকক্ষে উপস্থিতির ক্ষেত্রে অনিয়ম হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়। শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, শুধু আইন বা বিধিনিষেধের মাধ্যমে একজন শিক্ষকের সব দায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয়। শিক্ষকদের প্রধান দায়িত্ব শিক্ষার্থীদের জ্ঞান ও মূল্যবোধের বিকাশে ভূমিকা রাখা। এ দায়িত্ব পালনে ব্যক্তিগত নৈতিকতা ও পেশাগত সচেতনতা গুরুত্বপূর্ণ।

কর্মকর্তাদেরও নির্ধারিত অফিস সময়ের মধ্যে দাপ্তরিক দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, মাদকের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। একই সঙ্গে শিক্ষক ও সংশ্লিষ্টদের বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসরণ করে ছুটি নিতে হবে।

উপাচার্য আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উৎকর্ষ অর্জনে শিক্ষক-কর্মকর্তারা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।