শিক্ষা ও ক্যাম্পাস

ইবি

ইবিতে ঊষার নবীন বরণ ও প্রবীণ বিদায়

ইবি প্রতিনিধি:
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা) ইবি শাখার উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি নিলয় অধিকারীর সভাপতিত্বে এবং গাজী মেজবাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. শরীফ আল-রেজা। বিশেষ অতিথি ছিলেন অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মিন্টু কুমার বিষ্ণু। প্রধান বক্তা ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. মোহাম্মদ শিবলী এবং শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাখাওয়াত হোসেন।

সভাপতির বক্তব্যে নিলয় অধিকারী বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মূলত পারস্পরিক সহযোগিতার জন্য সৃষ্টি হয়েছে। এসব সংগঠনের মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটে। বিশ্ববিদ্যালয়ে সিনিয়রদের শাসন ও ভালোবাসার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি হয়।

তিনি আরও বলেন, ‘ঊষা কালীগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিকিয়ানদের সংগঠন। প্রত্যাশা করি, যারা বিদায় নিচ্ছেন তারা জীবনে অনেক উপরে উঠবেন। নবীনদের মধ্য থেকে নতুন নেতৃত্ব গড়ে উঠবে। তাদের মেধা ও দক্ষতার বিকাশ ঘটবে। ঊষার আলোয় আলোকিত হোক আগামীর কালীগঞ্জ।’

উল্লেখ্য, ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলাকেন্দ্রিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন। বর্তমানে সারাদেশে সংগঠনটির ৩৮টি শাখা কমিটি ও একটি কেন্দ্রীয় কমিটি রয়েছে।