শিক্ষা ও ক্যাম্পাস

রাবি

রাবিতে নবীন ছাত্রীদের বরণ করল ইসলামী ছাত্রীসংস্থা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহিত

রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন ছাত্রীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে ‘নবীন সংবর্ধনা-২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাইয়িদা হাফছার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তিনি। এ সময় নবীন ছাত্রীদের বিশ্ববিদ্যালয়জীবনে স্বাগত জানানো হয় এবং তাদের শিক্ষা ও ভবিষ্যৎ জীবন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজকরা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও নবীন ছাত্রীদের স্বাগত জানাতে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়জীবনে করণীয়, ব্যক্তিত্ব গঠন ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ছিল ক্যারিয়ার গাইডলাইন ও সাংস্কৃতিক পরিবেশনা।

সাইয়িদা হাফছা বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন ছাত্রীদের নতুন ক্যাম্পাসে স্বাগত জানাতেই এ আয়োজন। প্রতিবছর বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা নবীন শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের আয়োজন করে থাকে।’

তিনি বলেন, ‘এবারের আয়োজনেও নবীনদের জন্য বিভিন্ন দিকনির্দেশনার পাশাপাশি ক্যারিয়ার গাইডলাইন ও সাংস্কৃতিক পর্ব রাখা হয়েছে। শিক্ষার্থীরা পুরো আয়োজন উপভোগ করেছে। এ আয়োজন তাদের পরবর্তী পথচলাকে আরও সহজ ও সুন্দর করবে বলে আমরা প্রত্যাশা করি।’

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার রাজশাহী অঞ্চলের সহকারী ও কেন্দ্রীয় পরামর্শ সভার সদস্যা মাহমুদা খাতুন, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীর অধ্যক্ষ ডা. ফাতেমা সিদ্দিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ ও ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. ইসমত আরা কল্পনা, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. শারমিন সুলতানা এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক আতকিয়া আনতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন ছাত্রীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে ক্যারিয়ারবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

নাইম
রাজশাহী বিশ্ববিদ্যালয়
৫ সেপ্টেম্বর ২০২৬