:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেন।
কমিটির প্রধান করা হয়েছে কৃষি অনুষদের সাবেক ডিন ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক আরিফুল ইসলাম ও আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক সাহাল উদ্দিন।
উপ-উপাচার্য বলেন, ‘বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা দোষী, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’
এর আগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে নবাব আবদুল লতিফ হলের পেছনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে দুই বিভাগের একাডেমিক ভবনেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হন। তাঁদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।