রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত সময় পার হলেও এখনও প্রতিবেদন প্রস্তুত হয়নি। তদন্ত কার্যক্রম শেষ করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক অধ্যাপক সাইফুল ইসলাম।
সোমবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘ঘটনাটি অনেক বড়, তাই একটু সময় লাগবে। আগামীকাল ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সঙ্গে বসব। তথ্য সেল, জনসংযোগ দপ্তর ও সংশ্লিষ্ট হলের সিসিটিভি ফুটেজ দেখব। রসায়ন বিভাগও আগামীকাল লিখিত বক্তব্য জমা দেওয়ার কথা রয়েছে।’
এর আগে গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী ও বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহত হন।
ঘটনার পর বিষয়টি তদন্তে কৃষি অনুষদের সাবেক ডিন ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বলেন, ‘তারা কাজ করছেন। তাদের সঙ্গে কথা হয়েছে। কাজটি যেহেতু একটু জটিল, তাই একটু সময় তো লাগবেই।’