ই
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুনিয়র শিক্ষার্থীর হাতে সিনিয়র শিক্ষার্থীকে থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি এবং ক্যাম্পাসে বহিরাগতদের দেশীয় অস্ত্র, রামদা ও লাঠিসোঁটা নিয়ে প্রকাশ্য মহড়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে শাখা সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক।
রোববার (৬ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক নেয়ামাতুল্লাহ ফারিস স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ব্যক্তিগত কোনো ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশকে সংঘাত, ভয় ও আতঙ্কের দিকে ঠেলে দেওয়ার কোনো সুযোগ নেই। শিক্ষাঙ্গনে বহিরাগতদের অস্ত্রের মহড়া, ছাত্রসংগঠনের নেতাকর্মীদের হাতে লাঠিসোঁটা এবং পেশিশক্তির প্রদর্শন শিক্ষার্থীদের নিরাপত্তাকে সরাসরি প্রশ্নের মুখে ফেলে। একই সঙ্গে এটি সুস্থ ও নিরাপদ শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
তারা বলেন, মতপার্থক্য, সাংগঠনিক বিরোধ কিংবা যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করে সমাধান করতে হবে। কোনো ছাত্রসংগঠনের ভয় সৃষ্টি, বহিরাগতদের প্রবেশ কিংবা শক্তি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, সব ধরনের সন্ত্রাস, সহিংসতা, অস্ত্রের মহড়া ও ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান রয়েছে। একই সঙ্গে বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধ এবং দেশীয় অস্ত্রসহ যেকোনো ধরনের অস্ত্র বহন ও প্রদর্শনের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
এ ছাড়া সংঘর্ষ ও উত্তেজনার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে দলীয় পরিচয় বা প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।