শিক্ষা ও ক্যাম্পাস

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ

শিক্ষার মান বাড়াতে হলে আগে শিক্ষকের মান বাড়াতে হবে: সালেহ্ হাসান নকীব

শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক বিকাশে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক বিকাশে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

তিনি বলেছেন, ‘শিক্ষার মান বাড়াতে হলে সর্বপ্রথম শিক্ষকের মান বাড়াতে হবে।’ একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী শাখার উপদেষ্টা মণ্ডলীর সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী শাখার চেয়ারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মো. সেতাউর রহমানের সভাপতিত্বে সভায় শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, আধুনিক ও যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশ এবং পরিবেশবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন, আইন বিভাগের অধ্যাপক ও সাবেক ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হান্নান, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক তৌহিদুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রাজশাহী জোন মো. মনিরুল ইসলাম, পাওয়ার গ্রিড জিএমডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী এ. এস. এম. মোস্তাফিজুর রহমান এবং ইসলামিয়া কলেজ, রাজশাহীর ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা শারমিন বনি।

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের মেধা, মনন, সৃজনশীলতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি শিক্ষার পরিবেশকে আরও আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক মানের লাইব্রেরি স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের সুযোগ বাড়াতে হবে।

তিনি আরও বলেন, রাজশাহী শহরের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজকে স্বতন্ত্র ও ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাকার্যক্রম পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের মেধা, জ্ঞান ও নৈতিকতার বিকাশকে অগ্রাধিকার দিতে হবে।

অধ্যাপক নকীব আশা প্রকাশ করেন, পরিকল্পিত ও মানসম্মত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীতে একটি আধুনিক, আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের সক্ষমতা প্রমাণ করবে।

সভায় প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, মো. মাইনুল ইসলাম, ইসলামী ব্যাংক নিউমার্কেট শাখার ম্যানেজার, ইঞ্জিনিয়ার রবিউল হাসান, মো. আফজাল হোসেন, মোছা. খালেদা নাসরিন এবং মোছা. সামিমা খাতুন।

সভা শেষে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী শাখাকে আধুনিক, মানসম্মত, নৈতিক ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।