রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোর রিডিং রুমে এসি স্থাপনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও স্বাচ্ছন্দ্যময় করতে প্রতিটি হলের রিডিং রুমে পর্যায়ক্রমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) স্থাপন করা হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছ থেকে প্রয়োজনীয় বাজেট অনুমোদন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, রিডিং রুমগুলোতে এসি স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলের রিডিং রুমে এ ব্যবস্থা চালু করা হবে।
সোমবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে এ বাজেট অনুমোদন করিয়েছি। প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ থেকেই পর্যায়ক্রমে রিডিং রুমগুলোতে এসি স্থাপনের কাজ শুরু হবে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। শিক্ষার্থীরা জানান, গরমের সময়ে রিডিং রুমে দীর্ঘ সময় পড়াশোনা করতে গিয়ে তাদের ভোগান্তিতে পড়তে হতো। বিশেষ করে গ্রীষ্মকালে অতিরিক্ত গরম ও অস্বস্তিকর পরিবেশে দীর্ঘ সময় পড়াশোনা করা কঠিন হয়ে পড়ত।
তাদের প্রত্যাশা, রিডিং রুমগুলোতে এসি স্থাপন হলে পড়াশোনার পরিবেশ আরও উন্নত ও স্বাচ্ছন্দ্যময় হবে। এতে তারা দীর্ঘ সময় একাডেমিক কার্যক্রমে মনোযোগ দিতে পারবেন।