রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হলের ক্যান্টিনকর্মী রিপন শেখের ক্যান্সার আক্রান্ত স্ত্রী লিপি খাতুনের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকর্মী শাকিল দেওয়ান।
লিপি খাতুন জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার মিরপুরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন প্রয়োজন হলেও অর্থ সংকটে তা করাতে পারছিলেন না তাঁর স্বামী রিপন শেখ। অপারেশনের জন্য প্রায় ৬০-৭০ হাজার টাকা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এ অবস্থায় শাকিল দেওয়ান নিজে এবং তাঁর শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ইতোমধ্যে প্রায় ৪০-৫০ হাজার টাকা চিকিৎসার জন্য ব্যবস্থা করেছেন। পাশাপাশি অপারেশনের পরও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তিনি।
রিপন শেখ বলেন, প্রায় এক মাস আগে তাঁর স্ত্রীর জরায়ু ক্যান্সার শনাক্ত হয়। অর্থের অভাবে অপারেশন করাতে না পারায় তিনি দুশ্চিন্তায় ছিলেন। শাকিল দেওয়ানসহ অন্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় এখন তিনি আশাবাদী।
তিনি বলেন, ‘শাকিল মামারা আমার পাশে থাকায় আমি সাহস পাচ্ছি। অপারেশনের পরও প্রয়োজন হলে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।’
শাকিল দেওয়ান বলেন, ক্যান্টিনকর্মী রিপন শেখের স্ত্রীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর পেয়ে তিনি তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি শুভাকাঙ্ক্ষীদের জানান। সবার সহযোগিতায় চিকিৎসা চালিয়ে নেওয়ার চেষ্টা চললেও অর্থের সংকটে অপারেশন আটকে যাওয়ার বিষয়টি জানতে পারেন তিনি।
শাকিল বলেন, ‘একজন মানুষের জীবন ও চিকিৎসার বিষয়টি বিবেচনা করে মানবিক দায়বদ্ধতা থেকেই তাঁর অপারেশনের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চিকিৎসা যাতে অর্থের অভাবে বন্ধ না হয়ে যায়, সে জন্য আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করছি। প্রয়োজন হলে অপারেশনের পরও সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করব।’