বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনে ব্যাপক সাড়া পড়েছে। আবেদন শুরুর মাত্র চার দিনেই বদলির জন্য আবেদন করেছেন ৯ হাজার ৮৫৮ জন শিক্ষক। আগামী ২৭ আগস্ট আবেদনের সময়সীমা শেষ হবে।বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনে ব্যাপক সাড়া পড়েছে। আবেদন শুরুর মাত্র চার দিনেই বদলির জন্য আবেদন করেছেন ৯ হাজার ৮৫৮ জন শিক্ষক। আগামী ২৭ আগস্ট আবেদনের সময়সীমা শেষ হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মাউশির এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৯ হাজার ৮৫৮ জন শিক্ষক বদলির জন্য আবেদন করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে বদলি আবেদনের ক্ষেত্রে নানা ধরনের জটিলতার অভিযোগ করেছেন শিক্ষকরা। অনেক শিক্ষক আবেদন করতে না পেরে মাউশিতে এসে সমস্যার কথা জানাচ্ছেন। তাদের দাবি, এসব সমস্যার জন্য তারা দায়ী নন।
জানা গেছে, বিষয়টি নিয়ে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাউশি ও সফটওয়্যার নির্মাণকারী ভেন্ডর প্রতিষ্ঠানের মধ্যে বৈঠক হবে। সকাল ১১টায় অনুষ্ঠেয় ওই সভায় শিক্ষকদের সমস্যাগুলো তুলে ধরা হবে। সমাধানযোগ্য বিষয়গুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে মাউশি।
মাউশির এক কর্মকর্তা জানান, ভেন্ডর প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন। সেখানে বদলি আবেদনসংক্রান্ত কারিগরি সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে।