শিক্ষা ও ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী শিক্ষকদের র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ণাঢ্য র‍্যালি করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ণাঢ্য র‍্যালি করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ফোরামের সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলামের নেতৃত্বে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি শেষ হয়।

এতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে বহুদলীয় গণতন্ত্র, জনগণের অধিকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় ভূমিকা রেখে আসছে। গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং শিক্ষাঙ্গনে মুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষকসমাজকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রসঙ্গত, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে বিএনপি প্রতিষ্ঠা করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।