শিক্ষা ও ক্যাম্পাস

ইবি

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইবি লেখক ফোরামের খাতা-কলম বিতরণ

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাতা-কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডোরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন বয়সী সুবিধাবঞ্চিত শিশুদের হাতে খাতা-কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা।

সংগঠনের সভাপতি রবিউস সানি জোহা বলেন, ‘সাক্ষরতা শুধু পড়া-লেখা শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একজন মানুষকে সচেতন, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম ভিত্তি। শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।’

সাধারণ সম্পাদক মোজাহিদ হোসেন বলেন, ‘শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা চাই, প্রতিটি শিশু যেন স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণের সুযোগ পায়।’

উল্লেখ্য, ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নে সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়।