চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশের পাশাপাশি আবেদনকারীদের মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বুধবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে তাদের পুনর্নিরীক্ষণের ফল দেখতে পারবে।
ফল জানবেন যেভাবে
পুনর্নিরীক্ষণের ফল তিনভাবে জানা যাবে। স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে আবেদনকারীর দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে।
এ ছাড়া নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করেও ফল জানা যাবে। এজন্য আবেদনকারীদের rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
কোন বোর্ডে কত খাতা পুনর্নিরীক্ষণের আবেদন
ঢাকা শিক্ষা বোর্ডে আনুমানিক ২ লাখ ৭৭ হাজার ৬০০টি, ময়মনসিংহে ৭১ হাজার ৬৬টি, চট্টগ্রামে ১ লাখ ১৪ হাজার ৭০৬টি এবং যশোরে ৭৪ হাজার ৭১৭টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষার জন্য ৯৮ হাজার ১৭০টি এবং ব্যবহারিক পরীক্ষায় ২৪ হাজার ৫৮টি আবেদন করা হয়েছে। বরিশাল বোর্ডে ৫০ হাজার ১৫৩টি, সিলেট বোর্ডে লিখিত পরীক্ষায় ৫০ হাজার ৭১০টি ও ব্যবহারিকে ১০ হাজার ২৬৪টি এবং দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ২৮৬টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদনের সঠিক সংখ্যা জানা যায়নি। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন পড়েছে।
একাদশ শ্রেণিতে ভর্তি
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। আবেদন চলবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
ভর্তি কার্যক্রম শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।