রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।
সোমবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে বিভাগের মূল ফটকে ‘ক্লাস-পরীক্ষা বর্জন’ লেখা প্ল্যাকার্ড টানিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা সুজন সেনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ, প্রমাণিত অভিযোগ ও শাস্তির মাত্রা নির্ধারণের কারণ জানানো, তদন্তে অসংগতি থাকলে পুনঃতদন্ত, দুর্নীতি ও অনিয়মের কারণে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি নির্ধারণ ও অর্থ পুনরুদ্ধার এবং বর্তমান শাস্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সুজন সেনকে স্থায়ীভাবে বহিষ্কার করা।
বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আছিয়া খাতুন বলেন, দীর্ঘদিন ধরে সুজন সেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করে আসছেন তারা। তদন্ত কমিটি স্থায়ীভাবে চাকরিচ্যুতির সুপারিশ করলেও সিন্ডিকেট তাকে পাঁচ বছরের অব্যাহতি দিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্থায়ী বহিষ্কারের বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
শিক্ষার্থী আসাদ সাদিক রাফিও বলেন, তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ার পরও শাস্তির বিষয়ে তারা সন্তুষ্ট নন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আরও কঠোর কর্মসূচি নেওয়ার কথা জানান তিনি।
এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলী বলেন, সুজন সেনের বিষয়ে এখনো কোনো অফিসিয়াল পত্র তারা পাননি। সিন্ডিকেটে যে তথ্য শুনেছেন, তা ছাড়া আনুষ্ঠানিকভাবে কিছু না পাওয়ায় এ বিষয়ে মন্তব্য করতে পারছেন না।
উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট ড. সুজন সেনকে বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরে ৮ সেপ্টেম্বর বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের প্রমাণসহ প্রায় ২০০ পৃষ্ঠার লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেন তারা।