শিশু-কিশোর বিষয়ক সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে ‘মাইন্ড ম্যারাথন’ সিজন-৩ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়, হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ত্রিবেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাতের আলী দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
৬০ নম্বরের এ পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়াবলি, আইকিউ এবং পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল। এছাড়া শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্লু বার্ড প্রাথমিক বিদ্যালয়, আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বসন্তপুর সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরবর্তী সময়ে প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানিয়েছে আয়োজকরা।
এ সময় ফুলকুঁড়ি আসরের সহকারী পরিচালক মুবাশ্বির আলম, অফিস সম্পাদক রাকিবুল ইসলাম, পাঠাগার সম্পাদক ওয়েজ করুনীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠন সূত্রে জানা গেছে, ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাবে।
ফুলকুঁড়ি আসরের পরিচালক খন্দকার আহনাফুজ্জামান বলেন, “ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আমরা ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। এতে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে। আশা করছি, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি সফল হবে। প্রথাগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চিন্তাশক্তির বিকাশ ঘটানোই আমাদের প্রধান উদ্দেশ্য।”