দীর্ঘ ৪৬ বছর পর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রচলিত লোগো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। গত রবিবার বিটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন লোগোর জন্য সবার কাছ থেকে নকশা ও ধারণা আহ্বান করা হয়। নকশা জমা দেওয়ার শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০২৬।
বিটিভির মহাপরিচালক কাজী জেসিন লোগো পরিবর্তনের বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি। তিনি জানান, বিটিভিকে আরও আধুনিক ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন টেলিভিশন ব্যক্তিত্ব খ ম হারুন। তাঁর মতে, বর্তমান লোগোটিতে শিল্পী কামরুল হাসান ও মুস্তাফা মনোয়ারের শিল্পভাবনা রয়েছে। ১৯৮০ সালে রঙিন সম্প্রচারে যাওয়ার সময় লোগোটিকে নতুন রূপ দেওয়া হয়েছিল।
তিনি বলেন, শুধু লোগো পরিবর্তন নয়, বিটিভির অনুষ্ঠানে বৈচিত্র্য ফিরিয়ে আনা, নতুন কনটেন্ট তৈরি, দক্ষ জনবল নিয়োগ ও দুর্নীতি কমানোর দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এদিকে আর্থিক সংকটেও রয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটি। ২০২৫-২৬ অর্থবছরের মে মাস পর্যন্ত বিটিভির আয় হয়েছে প্রায় ৮ কোটি ৫ লাখ টাকা, বিপরীতে ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ টাকা। অর্থাৎ এ সময়ে আয়-ব্যয়ের ব্যবধান দাঁড়িয়েছে প্রায় ২৪৬ কোটি টাকা।