স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৬৩

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহিত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। এর মধ্যে আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরের প্রথম আট দিনে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৬০২ জন ঢাকা বিভাগের। এছাড়া খুলনায় ২৫৫, চট্টগ্রামে ১৬৯, বরিশালে ১৬৫, রংপুরে ১৭৪ এবং ময়মনসিংহে ৮৮ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৩৮ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৪২৬ জন। এ পর্যন্ত মোট ৪৩ হাজার ৫৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।