দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩ জনে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৭৭ জন রোগী ভর্তি হয়েছে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ল্যাব পরীক্ষায় ৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর ৯৮৬ জন শিশু হামের বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৪৪ জন শিশু এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ের মধ্যে দেশজুড়ে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনে। তাদের মধ্যে ১ লাখ ৩২ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। চিকিৎসা শেষে ১ লাখ ২৭ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য
দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু।