রাজ টাইমস ডেস্ক:
বারবার বদহজম, গ্যাস কিংবা পেটের অস্বস্তিকে অনেকেই সাধারণ হজমের সমস্যা হিসেবে এড়িয়ে যান। তবে এসব উপসর্গ দীর্ঘদিন ধরে চলতে থাকলে তা কখনো কখনো গুরুতর রোগের ইঙ্গিতও হতে পারে। অগ্ন্যাশয়ের ক্যানসারের ক্ষেত্রেও কিছু সাধারণ উপসর্গ দেখা দিতে পারে।
অগ্ন্যাশয়ের ক্যানসার প্রাথমিক পর্যায়ে অনেক সময় স্পষ্ট কোনো লক্ষণ প্রকাশ করে না। ফলে রোগটি শনাক্ত হতে দেরি হয়। বিশেষ করে প্যানক্রিয়াটিক ডাকটাল অ্যাডিনোকার্সিনোমা দ্রুত অগ্রসর হতে পারে বলে প্রাথমিক সতর্কতা গুরুত্বপূর্ণ।
বারবার বদহজম, পেট ফাঁপা বা অস্বস্তি এ ধরনের সমস্যার অন্যতম সম্ভাব্য লক্ষণ। খাবারে পরিবর্তন বা সাধারণ চিকিৎসার পরও যদি এসব সমস্যা বারবার ফিরে আসে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
অগ্ন্যাশয়ে টিউমার হলে পিত্তনালিতে চাপ সৃষ্টি হতে পারে। এর ফলে জন্ডিস, ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া, প্রস্রাবের রং গাঢ় হওয়া কিংবা পায়খানার রং পরিবর্তনের মতো উপসর্গ দেখা দিতে পারে।
এ ছাড়া অগ্ন্যাশয়ের প্রদাহ বা অন্যান্য জটিলতার কারণে পেটের ওপরের অংশে ব্যথা হতে পারে। এ ব্যথা কখনো পিঠেও ছড়িয়ে পড়তে পারে। কিছু ক্ষেত্রে বমি, ক্ষুধামন্দা ও খাবার গ্রহণে অস্বস্তিও দেখা দিতে পারে।
অতিরিক্ত ওজন, দীর্ঘদিনের ডায়াবেটিস, ধূমপান, দীর্ঘস্থায়ী অগ্ন্যাশয়ের প্রদাহ এবং পারিবারিক ইতিহাসসহ কিছু কারণে অগ্ন্যাশয়ের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।
তবে বদহজম বা গ্যাস হলেই অগ্ন্যাশয়ের ক্যানসার হয়েছে—এমন নয়। এসব উপসর্গের পেছনে গ্যাস্ট্রিক, আলসার, পিত্তথলির সমস্যা বা অন্যান্য সাধারণ কারণও থাকতে পারে।
তাই বদহজম, পেটব্যথা, জন্ডিস, অকারণে ওজন কমে যাওয়া বা বমির মতো উপসর্গ দীর্ঘদিন স্থায়ী হলে নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।