দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের শূন্য পদ পূরণে সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অধিবেশনে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের জন্য অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদ রয়েছে। এর মধ্যে বর্তমানে কর্মরত আছেন ৩০ হাজার ৩১১ জন। ফলে ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে।
চিকিৎসক সংকট দূর করে জনগণের স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন করাই এ নিয়োগের মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, শূন্য পদ পূরণে একাধিক বিশেষ বিসিএসের পাশাপাশি নিয়মিত বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। চলমান নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি হাসপাতালগুলোর চিকিৎসক সংকট পর্যায়ক্রমে পূরণ করা হবে।
ভবিষ্যতের চাহিদা পূরণে নতুন পদ সৃষ্টির উদ্যোগও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।