দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন—এ সংখ্যাও এ বছরের সর্বোচ্চ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও খুলনা বিভাগে ২ জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর ও ২৩ আগস্ট ডেঙ্গুতে ৫ জন করে মারা যান। এছাড়া ১ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। নতুন আক্রান্তের হিসাবে এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।