নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির পুলিশ সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে। বিভিন্ন জেলা ও প্রতিবেশী ভারত থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এ পর্যন্ত ৬ হাজার ৫৪১ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে আরও বন্যার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজও চলছে।
গত ২৬ আগস্ট সকালে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে। বন্যার পানির সঙ্গে বড় বড় পাথর নিচু এলাকায় নেমে আসায় ব্যাপক প্রাণহানি ঘটে।