আন্তর্জাতিক

ভারতের চার প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরান থেকে তেল ও তেলজাত পণ্য আমদানির অভিযোগে ভারতের কয়েকটি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

ইরান থেকে তেল ও তেলজাত পণ্য আমদানির অভিযোগে ভারতের কয়েকটি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গত ২৪ আগস্ট মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকনমিক আউটকাস্ট’ ঘোষণা করেন। এতে বিভিন্ন দেশকে ইরানের সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কাস্টমস ব্রোকার প্রোটিস পার্টনার এলএলপি, সদাশিব ওভারসিজ, পিপি সফটটেক প্রাইভেট লিমিটেড এবং ইনফ্রা ইমপেক্স প্রাইভেট লিমিটেড। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ভারতীয় নাগরিকের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সদাশিব ওভারসিজ ইরানের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ৬ কোটি ৯০ লাখ ডলারের পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে। অন্য কয়েকটি প্রতিষ্ঠান প্রায় ২ কোটি ৫০ লাখ ডলারের পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে বলেও জানানো হয়েছে।